নরসিংদীতে সংযোগ সেতু ভেঙে স্থানীয় জনদুর্ভোগ চরমে
মনিরুজ্জামান, নরসিংদী:
নরসিংদীতে ব্রক্ষপুত্র নদের উপর নির্মিত সংযোগ সেতু ভেঙে পড়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
শনিবার (৪ জুলাই) গভীর রাতে নরসিংদীর মাধবদী থানাধীন নূরালাপুর ইউনিয়নের নূরালাপুর হাইস্কুল সংলগ্ন ব্রক্ষপুত্র নদের উপর নির্মিত গদাইরচর – নূরালাপুর সংযোগ সেতুটি ভেঙ্গে পড়েছে।
এই সেতুটি নূরালাপুর ইউনিয়ন পরিষদ, হাইস্কুল ও নূরালাপুর বাজারে যাতায়াতের প্রধান মাধ্যম হওয়ায় সেতুটি ভেঙ্গে পড়ায় বিপাকে পড়েছে গদাইরচর,জোয়ারিয়া কান্দা,খিদিরকান্দি, বিলপাড় ও বিরামপুর গ্রামের কয়েক হাজার গ্রামবাসী।
তাছাড়া সেতুটি নদের উভয় তীরের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হওয়ায় অনেকেই ঝুঁকি নিয়ে ভাঙ্গা সেতু দিয়েই যাতায়াত করছেন যা যেকোনো মুহূর্তে প্রাণহানি সহ বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে তাই যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করে জনগনের চলাচলের উপযোগী করে তুলতে স্থানীয় চেয়ারম্যানসহ সরকারী ঊধ্বতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, ব্রক্ষপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরেই নদের খনন কাজ চলে আসছিল। নদের খনন কাজ শেষ হওয়ার পর ও কিছু সংখ্যক লোক অধিক মুনাফার লোভে ক্ষমতার অপব্যবহার করে ড্রেজার মেশিন দিয়ে নদ খনন করে মাটি বিক্রি করে আসছিল ।
এক দিকে নদের পানি বৃদ্ধি অন্যদিকে অতিরিক্ত মাটি খননের ফলে সেতুর মূল খুঁটির নিচের ও উভয় পাশের গাইড ওয়ালের মাটি সরে গিয়ে সেতুটি দূর্বল হয়ে ভেঙ্গে পড়ে গিয়ে এ জনদুর্ভোগের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি যাদের খামখেয়ালিপনার কারনে এ দুর্ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষে তাদের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানকে ফোন করে পাওয়া যায়নি।
