দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে লবণ কেনার হিড়িক, গুজব রোধে মাইকিং করছে প্রশাসন

0 61

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রতি কেজি লবণ মূল্য ২০০ টাকা হবে এমন গুজবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় হঠাৎ করেই লবণ কেনার হিড়িক পড়েছে। ক্রেতারা বলছেন, তারা শুনেছেন লবণের মূল্য বেড়ে যাবে। এ আশঙ্কায় তারা বাড়তি লবণ কিনে রাখছেন। তবে, প্রশাসনের দাবি লবণে মূল্য বৃদ্ধি পাবে এটি সর্ম্পূণ গুজব। গুজব প্রতিরোধে এলাকায় এলাকায় মাইকিং ও স্থানীয় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে উপজেলার দিঘীরপাড় , কামারখাড়া , হাসাইল, টঙ্গীবাড়ি বাজার সহ প্রায় সবকয়টি বাজারে এই গুজব ছড়িয়ে পড়ে । এতে ক্রেতারা ভিড় করছে বাজারের মুদি দোকানগুলোতে । এই সুযোগে কিছু অসাধু বিক্রেতা বেশি দামে লবণ বিক্রি করেছে ।
দিঘীরপাড় বাজারের মুদি দোকানি ইকবাল দেওয়ান বলেন, একটি গুজবের উপরে ভর করে জনগণ হঠাৎ করে এভাবে লবণ ক্রয় শুরু করেছে। আমরা পূর্বের দামেই লবণ বিক্রি করছি। এ মূহুর্তে দাম বাড়ার কোন সম্ভাবনাও নেই।
মুদি দোকানি রাজন বলেন, দুপুর থেকেই আমাদের দোকানে লবণ ক্রয়ের জন্য সাধারণ মানুষ ভিড় করে। বিকাল ৩টার মধ্যে আমাদের দোকানের সমস্ত লবণ বিক্রি হয়ে যায়।
লবণ ক্রেতা দুলাল জানান , ঢাকা থেকে আমার এক আত্মীয় ফোন করে জানিয়েছেন লবণের কেজি ২শ টাকা হবে। তাই লবণ ক্রয় করার জন্য এসেছি ।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টঙ্গীবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর মাঝি জানান, দেশে অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে একটি মহল এই গুজব ছড়াচ্ছে । তবে কোনো বিক্রেতা যদি অতিরিক্ত অর্থ আদায় করে তাহলে মানি রিসিট সহ ক্যাবে অভিযোগ জানানোর অনুরোধ জানান তিনি ।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা আক্তার জানান, এটি সম্পূর্ণ একটি গুজব। এ মূহুর্তে লবণের দাম বৃদ্ধির কোন সম্ভাবনাও নেই। গুজব প্রতিরোধে প্রতিটি এলাকায় মাইকিং ও বাজার গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে । যদি কোন ডিলার বা ব্যবসায়ী বাজার দামের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করে তা হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More