হাওরের পানিই কাল হলো মেহেদীর
মনিরুজ্জামান, নরসিংদী:
কিশোরগঞ্জের নিকলী হাওরের সৌন্দর্য উপভোগ করতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হাওরের পানিতে ডুবে মেহেদী হাসান নামে নরসিংদীর এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
শনিবার(১১ জুলাই) দুপুর ২টার সময় নিকলী বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (১৬) নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মজিবুর রিকাবদারের ছেলে এবং শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।
খোঁজ নিয়ে জানা যায়, আজ সকালে শিবপুর থেকে ১০ বন্ধু মিলে নিকলী হাওরের সৌন্দর্য উপভোগ করতে সেখানে বেড়াতে যায়। হাওরের পানিতে নেমে গোসল করার সময় হঠাৎ পানির স্রোতে তিন বন্ধু ভেসে যায়।
টায়ারের সাহায্যে দুই বন্ধু তীরে আসতে সক্ষম হলেও মেহেদী স্রোতের অতলে তলিয়ে যায়।অনেক খোঁজাখুঁজির পরও মেহেদীকে না পেয়ে অবশেষে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ ৩ ঘন্টা অভিযান পরিচালনা করে তাঁর মরদেহ উদ্ধার করে। তাঁর মৃত্যুতে তার পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
