রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমকে পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে বিভাগীয় বিভিন্ন পুরস্কার পুরস্কার পেয়েছেন তিনি।
উল্লেখ্য, মানিকগঞ্জ জেলার এডিসি হিসাবে পদোন্নতি দিয়ে নির্দেশনা পাঠিয়েছেন বিভাগীয় কমিশনার। আগামী সপ্তাহেই মানিকগঞ্জে তার যোগদান করার কথা রয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতীকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। যেসব সূচক বিবেচনায় প্রশাসন আমাকে এ পুরস্কার দিয়েছেন, ভবিষ্যতে এর প্রতিটি বিষয়ে শুদ্ধাচার চর্চায় আরো বেশি মনোনিবেশ করব।
