এখানে এসো
মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে দেখ জীবনের রং
মুখ থুবড়ে পড়ে আছে কিশোরী বসন্ত
দ্বারে দ্বারে ঝুলছে আতঙ্ক দৃষ্টি
ফিকে হয়ে আছে মেহেদির রং
দম আটকে রেখেছে পথ- ঘাট-মাঠ।
এখানে এসো, দেখ
পিপিই তে ঢেকে থাকা হাতের আশ্বাস
কোভিট-১৯ এর ভালবাসার প্রগাঢ়তা
সাদা এ প্রনগুলো পরিবারের উর্ধ্বে নিয়ে গেছে
তাদের ভালোবাসা কিংবা দায়িত্ব
প্রাণ দিয়ে বিশ্বকে জানিয়েছে দায়িত্বের মহত্ত্ব।
এখানে এসো
দেখ কোয়ারান্টাইন আদেশ মেনে চলা
মানুষের গৃহের সুখ, আর আদেশ অমান্যকারী
খেটে খাওয়া মানুষের পোড়া বুক
দেখ নিরাপত্তা কর্মীর নিষ্ঠা আর ভুক্তভুগীর চোখের জল।
এসো, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে দেখ
বৈশ্বিক মহামারির জ্বালা, শোন
হাসপাতালের করিডোরে বাঁচার আর্তি
ক্ষুধার্তের চিৎকার শোন
দেখো লুটেরার নির্লজ্জ চোখ
দেখ জনগণের কাঠগড়ায় তাদের বিচার।
এখানে এসো, দেখো
মৃত্যু ভয়ে বেঁচে থাকা মানুষের ধর্ম বিশ্বাস
ধর্মভীরু আর ধর্ম বিদ্বেষীরা আজ
একই কাতারে দাঁড়িয়ে
সৃষ্টি কর্তাকে ডেকে চলেছে অবিরাম
বেঁচে থাকার আর্তি নিয়ে।
কবি ও সাহিত্যিক আয়েশা সীমা
