জাগো বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার ২ দিন পরে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম আবরার ফাহাদের গ্রামের বাড়ির কুষ্টিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
আজ বুধবার (৯ অক্টোবর) তিনি ফাহাদের বাড়ির উদ্দেশে সকাল সাড়ে ১১টার দিকে রওনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন, অধ্যাপক সাইফুল ইসলাম এর পিএস কামরুল ইসলাম। তিনি বলেন, আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ভিসি কুষ্টিয়ায় যাচ্ছেন। বিকেল ৩টা নাগাদ তিনি আবরারের বাড়িতে পৌঁছাতে পারেন।
এ দিকে ফাহাদ হত্যার ৪৮ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরে প্রকাশ্যে আসেন অধ্যাপক সাইফুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা জানতে চান, দুদিন ধরে তিনি কোথায় ছিলেন? কিন্তু তিনি কোনো জবাব না দিয়ে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান। মাইক দেওয়া হলে তিনি বলেন, ‘আবরারের মৃত্যু হয়েছে।’
ঘটনার পর থেকে আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি। পাঁচ থেকে ছয়জনকে নিয়ে বসেছি। সবতো আমার হাতে নেই, যেগুলো আমার হাতে আছে সেগুলো আমি করছি। নীতিগতভাবে তোমাদের পূর্ণ সমর্থন দিচ্ছি। সারা দিন মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তোমরা অধৈর্য হবে না।’
শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে অনড় ও প্রশাসনের সিদ্ধান্ত জানতে চাইলে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমি তো কোনো অন্যায় করিনি।’ এ কথা শোনার পর উপস্থিত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।
প্রসঙ্গত, গত রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় সোমবার ফাহাদের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামী ১০ জনকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার (৮ অক্টোবর) গ্রেফতারকৃত ১০ আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
