গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে ৭০ হাজার টাকা এবং জেল-জরিমানা
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার দোকলা, গিলাবেরাইদ এলাকায় অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসময় ৭০ হাজার টাকা এবং জেল- জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(২১ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্তগাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের জন্য মো. সুমন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
অপরদিকে গাজীপুর মহানগর এর আওতাধীন-১৬৯/১/এ, পশ্চিম জয়দেবপুর-এ একটি আবাসিক চারতলা ভবনে অনুমোদন অতিরিক্ত ২টি ডাবল চুলায় গ্যাস ব্যবহারের দায়ে মো. এরশাদুল্লাহ এবং জান্নাতুল ফেরদৌসকে দশ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন প্রকৌ. মো. এরশাদ মাহমুদ, ব্যবস্থাপক(জোবিঅ-জয়দেবপুর), প্রকৌ. এস. এম. আবু সুফিয়ান, জনাব আবদুল্লাহ হাসান আল মামুন ও প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ-উপব্যবস্থাপকবৃন্দ, জনাব মো. সাবিনুর রহমান(মি.ও ভি)-উপ-সহকারী প্রকৌশলীসহ টেকনিক্যাল টিম এবং পুলিশ ও আনসার সদস্যরা।
