ডেমরা প্রতিনিধি
ঢাকা ডেমরায় এইচএসসি প্রথম বর্ষের অপহৃত এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। শনিবার রাতে ডেমরার বামৈল ব্যাংক কলোনী এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. রাকিবুল হাসান রাসেলকে (২৩) গ্রেফতার করেন পুলিশ।
আজ (২২ সেপ্টেম্বর) রোববার বেলা ১১ টায় গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। রাসেল ডেমরার বামৈল ব্যাংক কলোনী এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা শনিবার রাতে ডেমরা থানায় গ্রেফতার রাসেলের বিরুদ্ধে মামলা করেন। এদিকে উদ্ধারের পর ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসি সেন্টারে পাঠায় পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল বলেন, কলেজে যাওয়া আসার পথেসহ মোবাইল ফোনে রাসেল প্রায়ই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তার দিত। বিষয়টি মেয়ের পরিবারে জানাজানি হলে মেয়েটির বাবা রাসেলকে এ কাজ করতে নিষেধ করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর বাবাকে অপহরণের হুমকি দেয়।
পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর কলেজে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে রাসেল ওই শিক্ষার্থীকে সারুলিয়া লেগুনা স্ট্যান্ড থেকে অপহরণ করে। এদিকে মেয়টিকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে তার বাবা ওই দিন রাতে ডেমরা থানায় মেয়ে নিখোঁজের একটি সাধারন ডায়েরি করেন। পরে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গ্রেফতার রাসেল মেয়েটিকে অপহরণ করেছে।
