মনিরুজ্জামান, নরসিংদী:
নরসিংদীতে জমি নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা চলমান থাকা অবস্থায় জমি দখলে নিতে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলজ গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার(২৮ মে) সকালে নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গোবিন্দপুর গ্রামের পুফুন শেখ, কালাই শেখ, ইসমাইল শেখ ও মাকসুদ আলীর অলি ওয়ারিশগণ তাদের মোট ৯৩৪ শতাংশ জমি ভাগবাটোয়ারা করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন তাদের।

জমি ভাগ বাটোয়ারা নিয়ে অলি ওয়ারিশগণের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিগত ২০১৭ সালে জমির অংশিদারদের মধ্য থেকে বাসেদসহ ৪২জন বাদী হয়ে আঃ ছাত্তারসহ ১৭ জনের নামে নরসিংদী কোর্টে মামলা দায়ের করেন। সেই মামলা বিচারাধীন থাকা অবস্থায় জমি দখলে নেওয়ার জন্য বিবাদীগণ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলজ গাছ কর্তন করে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন বলে জানান বাদীপক্ষ।
রমিজ উদ্দিন জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা করে দীর্ঘদিন যাবত আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। ৫৩০ শতাংশ জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয় আব্দুস সাত্তার হাজী গংদের সাথে পরে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির জন্য আদুল বাছেদসহ ৪২ জন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন হয় যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

কিন্তু আজ সকালে ওইসব বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শতাধিক লোকজন নিয়ে এসে বাগানের বিভিন্ন প্রজাতির সবজিসহ ফল ফলাদি আম, কাঁঠাল, আনারস, কলা, পেয়ারা, লটকন, লেবু গাছসহ কয়েক হাজার গাছ কর্তন করে দেশীয় অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে বাড়িতে হামলা চালিয়েছে। এমতাবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। যে কোন মূহুর্তে বিবাদীপক্ষ আবারো হামলা চালাতে পারে।
এ বিষয়ে কাজল মাস্টার জানান, নালিশা ভূমিতে আব্দুল সাত্তার হাজিকে দীর্ঘদিন যাবৎ বেদখল করে রেখেছে আবদুল বাসেদ গং। এখানে তরকা সূত্রে কিছু সম্পত্তি পাবে বাসেদগং তবে পুরো সম্পত্তি নয়। আজকে কে বা কাহারা গাছ কর্তন করেছে এ বিষয়ে আমার জানা নেই। আমি অনেক বার উভয় পরিবারের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য চেষ্টা করেও মীমাংসা করতে ব্যর্থ হয়েছি।
ঘটনার পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন শিবপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
